ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর ছাত্রলীগের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরকে (২৫) কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। উপজেলা সদরের পশ্চিম পাড়ায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাতেই ওই ছাত্রলীগ নেতার গ্রামের কয়েক’শ সমর্থক বিক্ষুব্ধ হয়ে হামলাকারীর বাড়ি জ্বালিয়ে দেয়। ভাংচুর করা হয় ৮-১০টি ঘর।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে পৌর ছাত্রলীগের নেতা মনিরকে সদরের পশ্চিমপাড়ায় শেখ বাড়ির ছোটন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে কুমিল্লায় পাঠান। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই মনিরের গ্রামের কয়েক’শ সমর্থক বিক্ষুব্ধ হয়ে হামলাকারী ছোটনের উপজেলা সদরের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ভাংচুর করা হয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শেখ নুরুল ইসলাম, শেখ কাউসারসহ আশ-পাশের ৮-১০টি বাড়ি-ঘর ও দোকান। এ সময় ছবি তুলতে গেলে দৈনিক আমার দেশের নবীনগর প্রতিনিধি জালাল উদ্দিনের ওপর হামলা করে বিক্ষুব্ধ জনতা। পরে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর বলেন, ছোটনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।
