জ্বালানি মন্ত্রণালয়ের সামনে গণঅবস্থান ৩১ জানুয়ারি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২৪
আগামী ৩১ জানুয়ারির মধ্যে জ্বালানি তেলের দাম আগের অবস্থায় ফিরিয়ে নেয়া ও বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগ বন্ধ করা না হলে দেশব্যাপী হরতালসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে গণতান্ত্রিক বাম মোর্চা। জ্বালানি মন্ত্রণালয়ের সামনে সেদিন গণঅবস্থান করে কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাম মোর্চা আয়োজিত কেন্দ্রীয় সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। গত বুধবার দেশব্যাপী অর্ধদিবস হরতালের সময় পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে গতকাল সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সমাবেশের সভাপতি বাম মোর্চার দেশব্যাপী দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে পক্ষকালব্যাপী সারাদেশে গণসংযোগ ও বিদ্যুত্ অফিসের সামনে বিক্ষোভ। আগামী ৩০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ৩১ জানুয়ারি জ্বালানি মন্ত্রণালয়ের সামনে গণঅবস্থান।