মামুনের অর্থ পাচার মামলা চলবে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২৪
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ পাচার মামলার বিচার কার্যক্রম চলার প্রশ্নে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। দুদক কৌঁসুলি খুরশীদ আলম বলেন, কোন স্থগিতাদেশ না থাকায় মামলার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সরকারের অনুমতি না নিয়ে এই মামলার কার্যক্রম চলতে পারে না এমন যুক্তি দেখিয়ে মামুন বিচারিক আদালতে একটি আবেদন করেন। গত বছরের ১৮ অক্টোবর বিচারিক আদালত এ আবেদন খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু মামুন। গত বছরের ২৭ নভেম্বর এ আবেদনের ওপর বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করলেও কনিষ্ঠ বিচারপতি আবেদনটি খারিজ করে দেন। পরে প্রধান বিচারপতি আবেদনটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চে পাঠান। ওই আদালতে মামুনের আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও দুদকের পক্ষে এডভোকেট আনিসুল হক ও এডভোকেট খুরশীদ আলম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট গতকাল উপরোক্ত আদেশ দেয়। পরে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, এ আদেশের বিষয়ে আপিল করা হবে।