বেনাপোল চেকপোস্টে ২ দালাল ও ৩ রোহিঙ্গা আটক

আপডেট : ০১ মে ২০১৯, ১১:০২

ভাল চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ২ দালাল ও ৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার রাতে  বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।

 

আটকৃতদের মধ্যে রয়েছে- সরোয়ার ইসলাম (১৪), পিতা রফিকুল ইসলাম, সাং পূর্ব শিয়ালদি, জেলা মুন্সিগঞ্জ, কিন্তু প্রকৃত পক্ষে তিনি রোহিঙ্গা নাগরিক। তার প্রকৃত নাম সরোয়ার ইসলাম, পিতা  হামিদুল হক, তিনি কুতুব পালং রিফিউজি ক্যাম্প, থানা উখিয়া, জেলা কক্সবাজার ক্যাম্পে বসবাস করেন। কায়েম খান (১৮) পিতা জামান খান, সাং ধনিয়া, থানা কদম তলী, ডিএমপি ঢাকা। তিনি প্রকৃতপক্ষে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক, তার প্রকৃত নাম মফিদুল, পিতা বাশার, তিনি হোয়াইটকং ক্যাম্প, কক্সবাজার ক্যাম্পে বসবাস করেন। মরিজান বেগম (১৯) পিতা রফিকুল ইসলাম, সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ। তিনি প্রকৃত পক্ষে  মিয়ানমারের রোহিঙ্গা  নাগরিক, তার পৃকৃত নাম মরিজান বেগম (১৬) পিতা  মো.  সালেহ। তিনি বর্তমানে সফিউল্লাহ কাটা ক্যাম্প, উখিয়া  কক্সবাজার ক্যাম্পে বসবাস করেন।

 

আটক দালালদের মধ্যে রয়েছে-  মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান থানার শিয়ালদি থানার হায়দার আলীর ছেলে রফিকুল ইসলাম( ৪৫)। তিনি আটক সরোয়ার ও  মরিজান বেগমকে নিজের ছেলে-মেয়ে সাজিয়ে পাসপোর্টে ভারতে পাচার করছিল। অপর  দালাল ঢাকার ডিএমপি কদমতলী থানার শরাই ধনিয়া থানার মোখলেছুর রহমানের ছেলে জামান খান(৪৮)।  
 

আটক দালালদের মধ্যে রফিকুল ইসলাম ইমিগ্রেশান পুলিশকে বলেন, ‘ভারতে ভাল কাজ দেয়ার কথা বলে তাদের নাম ঠিকানা পরিবর্তন করে পাসপোর্টের মাধ্যমে ভারতে পাচার করছিলাম। রোহিঙ্গা ক্যাম্প থেকে সুকৌশলে তাদের বের করে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে পাসপোর্ট এবং ভিসা করার পর তাদের ভারতে নিয়ে যাচ্ছিলাম।’

আরো পড়ুন : লিভারপুলের মুখোমুখি সাবধানী বার্সা

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রশনের  এসআই মো. ফজলুল হক জানান, ইমিগ্রেশনের বহির্গমন কাউন্টারের ২ নং ডেস্কে আটক ৫ জনের পাসপোর্টে নাম-ঠিকানা সন্দেহজনক হলে তাদেরকে জিজ্ঞাসা করলে গরমিল পাওয়া  যায়। এক পর্যায়ে তাদের মধ্যে তিনজন রোহিঙ্গা  এবং দুইজন পাচারকারী বলে প্রমাণিত হয়।

 

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি মো. আবুল বাশার জানান, দুই পাচারকারী ভারতে ভাল কাজ দেয়ার কথা বলে তিনজন রোহিঙ্গা নাগরিককে পাচার করছিল। এ সময় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।

 

এদিকে একইদিন পাসপোর্ট জালিয়াতির অভিযোগে মামুনুর রশীদ (২৬) ও আরাফাত ইয়াসীন (২৩) নামে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। আটক যুবকদের বাড়ি নোয়াখালী জেলায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।