উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে থাকা অসহায় প্রতিবন্ধীদের এক স্থান থেকে অন্যত্র চলাচল করার জন্য সহায়তা দিতে জাগ্রত যুবসংঘ এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে। তারা প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের হাতে তুলে দিয়েছে হুইল চেয়ার। জলমা, বটিয়াঘাটা, গঙ্গারামপুর, সুরখালী, ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা ও আমীরপুর ইউনিয়নের মোট ৫৭ জন প্রতিবন্ধীর হাতে খুলনা জেলা প্রশাসক জমশের আহম্মদ খন্দকার প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার তুলে দেন। জাগ্রত যুবসংঘের রূপসা প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এক অধিপরামর্শ সভায় উপস্থিত সাংবাদিক জনপ্রতিনিধি ও বিভিন্ন অফিস প্রধানদের নিয়ে মতবিনিময়কালে বক্তারা বলেন, জাগ্রত যুবসংঘ এই মহান উদ্যোগ গ্রহণ করায় এলাকার সাধারণ মানুষসহ সমাজের অসহায় প্রতিবন্ধীরা খুশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ভগবতী গোলদার। বক্তব্য রাখেন সহাকারী কমিশনার(ভূমি) ইবাদত হোসেন, প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মোল্যা, মনোরঞ্জন মণ্ডল, আব্দুল গনি বিশ্বাস, সাকির হোসেন, ইসমাইল হোসেন বাবু, গোলাম হাসান, খায়রুল ইসলাম জনি, বটিয়াঘাটা জেজেএস কর্মী আক্তার হোসেনসহ অফিসের বিভিন্ন প্রধানগণ। এ সময় প্রতিবন্ধীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানান, তারা চলাচল করতে না পেরে ঘরের কোণে বসে থেকে হাঁফিয়ে উঠে ছিল।
এখন থেকে অন্যের উপর নির্ভর না করে নিজেরাই চলা ফেরা করতে পারবে। তারা ভবিষ্যতে ট্রাই সাইকেল পাওয়ার আশা ব্যক্ত করে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রূপসা প্রকল্পের এরিয়া ব্যবস্থাপক এসএম জিয়া। তাছাড়া একই ভাবে জেজেএস রূপসা উপজেলায় ৩৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছে।
