নবীন ও তরুণদের জন্য ডিজিটাল শিক্ষার প্রত্যয়

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:০৮
শিক্ষাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে ডিজিটাল ক্যাম্পাস তৈরিসহ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। নতুন কারিকুলাম অনুযায়ী সৃজনশীল বিষয়সহ যেকোনো বিষয়ে পাঠদানের সময় তা ভিজ্যুয়াল পদ্ধতিতে উপস্থাপন করলে শিক্ষার্থীদের নিকট আরো বাস্তবধর্মী, প্রাণবন্ত ও সহজে বোধগম্য হয়। ফলে বর্তমান সরকার বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড-এ ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের জন্য মডেল ক্লাস সম্প্রচার করছে। এদিকে ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের ডিজিটাল কনটেন্ট তৈরি করে তা নিজেদের এবং দেশের সকল শিক্ষার্থীকে অনলাইন টিভি ও অনলাইন নিউজ পেপারের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। ফলে উক্ত কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ও তাকে উত্সাহিত করতে গত ১১ জানুয়ারি বিকালে শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ক্যামব্রিয়ানের নবীন বরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ২০১২ সালের পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তরুণ প্রজন্মকে সময় ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের ডিজিটাল শিক্ষায় অন্তর্ভুক্তির ব্যাপারে তাগিদ দেন এবং এই শিক্ষা প্রবর্তনে কাজ করার জন্য ক্যামব্রিয়ান কলেজকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এমকে বাশার পিএমজেএফ। অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষক, শিক্ষাবিদ এবং সারাদেশ থেকে আগত ২০১২ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। লায়ন এমকে বাশার জানান, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ডিজিটাল শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এ দেশের ডিজিটাল এডুকেশনাল ইনস্টিটিউট হিসেবে দেশি ও বিদেশি শিক্ষা পর্যবেক্ষক কর্তৃক বিশেষভাবে সমাদৃত হচ্ছে। ক্যামব্রিয়ানের রয়েছে প্যাডাগোজি টিচিং ম্যাথোডোলজি সিস্টেমে ক্রিয়েটিভ ও ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রাপ্ত ৬৫০ জন শিক্ষক এবং ৪০০ মাল্টিমিডিয়া ক্লাস রুম, যার মাধ্যমে ডিজিটাল এডুকেশন সিস্টেম বাস্তবায়ন করছে। ইতোমধ্যে প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল পাঠ্যবইকে ডিজিটাল ভার্সনে রূপান্তর হয়েছে—যা অনলাইন ক্যামব্রিয়ান টিভি, ক্যামব্রিয়ান নিউজবিডি.কম-এ শিক্ষার্থীরা দেখতে বা প্রিন্ট করতে পারবে। ডিজিটাল পাঠ্যপুস্তকের ডিভিডি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করছে।