সাগরে মাছ শিকারে গিয়ে জলদস্যুরা অপহরণ করে নিয়ে যাওয়ার ২৩ বছর পর নিখোঁজ জেলে মন্নান শিকদার (৪৫) তার নিজ বাড়ি কলাপাড়ার লস্করপুর গ্রামে ফিরে এসেছে। বর্তমানে ওই জেলে মানসিক ভারসাম্যহীন ও বাকশক্তি হারিয়ে ফেলেছে। এদিকে ফিরে আসার খবর শুনে আত্মীয়-স্বজনসহ এলাকার লোকজন তাকে এক নজর দেখার জন্য ভিড় করছে। জানা গেছে, উপজেলার লস্করপুর গ্রামের মৃত আ. সত্তার শিকদারের পুত্র মন্নান শিকদার ও তার ভাই বাদল শিকদার একই গ্রামের হানিফ খাঁ, আউয়াল খাঁসহ ১৯৮৯ সালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। এ সময় জলদস্যুদের কবলে পড়ে তারা নিখোঁজ হয়। কিছুদিন পর বাদল শিকদারের লাশ সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দাফন করা হয়। বাকি তিন জেলের পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। দীর্ঘ ২৩ বছর পর মন্নান শিকদারকে মঙ্গলবার মোস্তফাপুর বাসস্ট্যান্ডে তার বোন তারাবানু অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের শত শত লোক ও আত্মীয়-স্বজন তাকে দেখতে ভিড় জমায়। তবে তিনি কাউকে চিনতে পারছেন না। ভাষাও ভুলে গেছেন। বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন। এছাড়া শরীরের বিভিন্নস্থানে একাধিক ক্ষতচিহ্নও রয়েছে।
