হিমাগার মালিকের বিরুদ্ধে ৪২ লাখ টাকার আলু আত্মসাতের অভিযোগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:৫২
রংপুরের ভিআইপি শাহাদত্ হিমাগার মালিকের বিরুদ্ধে এক ব্যবসায়ীর ৪২ লাখ টাকা মূল্যের ২ হাজার ৭শ ৭৩ বস্তা আলু বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী শামীম আশরাফ হিমাগার মালিকের বিরুদ্ধে রবিবার ৭ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার দাবিতে উকিল নোটিস প্রদান করেছেন। এ ব্যাপারে হিমাগার মালিক ভিআইপি শাহাদত্ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়ী আলু উত্তোলন না করায় বিধিমোতাবেক আমরা তা বিক্রি করে দিয়েছি। জানা যায়, রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথার ব্যবসায়ী শামীম আশরাফ গত বছর আলু সংরক্ষণ মৌসুমে ভিআইপি শাহাদত্ হিমাগারে ৫ হাজার ৭শ বস্তা আলু সংরক্ষণ করেন। বিভিন্ন সময় তিনি হিমাগার ভাড়া প্রদান করে ২ হাজার ৯শ ২৭ বস্তা আলু বাইরে বিক্রি করে দেন। দাম বৃদ্ধির আশায় ২ হাজার ৭শ ৭৩ বস্তা আলু হিমাগারে রেখে দেন। ডিসেম্বরে প্রতি বস্তা আলুর দাম ৮শ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫শ টাকা হয়। ২৭ ডিসেম্বর শামীম আলু উত্তোলন করতে গেলে হিমাগার মালিক তাকে ৩ দিন পর যেতে বলেন। কথা মতো গিয়ে ফেরত আসেন তিনি। ৮ জানুয়ারি হিমাগারে গিয়ে দেখেন তার আলু নেই। হিমাগারের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জোহা জানান, গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে আলু উত্তোলনের জন্য চাষি ও ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়। ব্যবসায়ী শামীম নির্ধারিত সময় আলু উত্তোলন না করায় মালিকের নির্দেশে তার আলু ১ হাজার ৫শ টাকা বস্তা দরে ৪১ লাখ ৫৯ হাজার ৫শ টাকায় বিক্রি করা হয়েছে। ব্যবসায়ী শামীম আশরাফ জানান, ২ হাজার ৭শ ৭৩ বস্তা আলুর হিমাগার ভাড়া ও ঋণসহ মালিকের পাওনা রয়েছে ২১ লাখ ৭ হাজার ৪শ ৮০ টাকা। ১৩ জানুয়ারি বাকি ২০ লাখ ৫২ হাজার ২০ টাকা চাইতে গেলে মালিক তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন।