মহিলা মেম্বারকে ধর্ষণের চেষ্টার অপরাধে এসআইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত এক সদসস্যের স্বামী এবং ভাসুরের বিরুদ্ধে গত বছরের ২৮ আগস্ট দুইটি মামলা দায়ের করে এলাকার কিছু লোক। মামলা দুইটির তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার এক এসআই। তদন্তকারী কর্মকর্তা মামলা থেকে ইউপি সদস্যের স্বামী জমশের আলী এবং ভাসুরের নাম বাতিল করে দেবেন বলে একাধিকবার মোবাইলে সংবাদ দিয়ে তাকে থানায় ডাকেন। ভিকটিম থানায় আসলে তাকে কুপ্রস্তাব দেয়া হয়। ঘটনার দিন গত ৬ ডিসেম্বর বিকেলে মামলা থেকে ভিকটিমের স্বামী এবং ভাসুরের নাম বাদ দেয়া হয়েছে এবং থানায় এসে চার্জশীটের কপি সংগ্রহ করার কথা বলেন ওই এসআই। ভিকটিম থানায় এলে উক্ত এসআই কৌশলে পার্শ্বে বালাপাড়া ইউপি পরিষদের ২য় তলায় তাকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। নিজেকে রক্ষা করে কাউনিয়া থানায় গিয়ে অভিযোগ করলেও থানা পুলিশ তাকে থানা থেকে তাড়িয়ে দেন বলে মামলার এজাহারে জানা গেছে।
পরে ভিকটিম বাদী হয়ে গত ১৩ জানুয়ারি জেলা রংপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে একটি মামলা করেন। এব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন বলেন, আমাদের কাছে এখনো এ ধরনের কোন মামলা বা অভিযোগ আসেনি। তারপরেও অভিযোগ শোনার পর গত বুধবার রাতে উক্ত এসআইকে ক্লোজ করা হয়েছে। মামলা এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
