হিলি থেকে পণ্য বোঝাই ট্রাক ছিনতাইয়ের নেপথ্যে-

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১৬
দিনাজপুরের হিলির ট্রাক ছিনতাইকারী সিন্ডিকেট দল আবারও সক্রিয় হয়ে উঠেছে। হিলি থেকে ২০ মে.টন গম নিয়ে একটি ট্রাক ঠাকুরগাঁয়ে যাওয়ার পথে রহস্যজনকভাবে ছিনতাই হয়েছে। সাম্প্রতিক এ ঘটনায় হাকিমপুর থানায় সাধারণ ডায়রী করেছেন আমদানিকারকের প্রতিনিধি। জানা গেছে, বগুড়া রেলগেটের কিবরিয়া ট্রেডার্সের প্রতিনিধি মানিক হিলি স্থলবন্দরের ধরন্দা এলাকার আমান ট্রেডিংয়ের গুদাম থেকে ৫ লাখ ৩০ হাজার টাকার গম কিনে একটি ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন হিলি স্থলবন্দর শাখার অফিসের মাধ্যমে ৭ হাজার ৮শ’ টাকা ভাড়ায় একটি ট্রাকে ২০ মেট্রিক টন গম বোঝাই দেন। ট্রাকভর্তি গম নিয়ে সন্ধ্যে সাড়ে ৫ টায় হিলি থেকে ঠাকুরগাঁও জেলার বিসিক এলাকার থ্রি স্টার ফ্লাওয়ার মিলে যাওয়ার পথে রহস্যজনকভাবে ট্রাকটি ছিনতাই হয়। মালিকের বাড়ি ফরিদপুরের রাজবাড়ীতে ও চালকের বাড়ি ওই একই এলাকায়। তাদের দেয়া মোবাইল নম্বরে ফোন করেও কোন খোঁজ মিলছে না। এদিকে ব্যবসায়ীরা বলছেন,মাঝে-মধ্যেই হিলির ওই প্রতিষ্ঠানের ট্রাক চালান নিয়ে অনেকেই মালামাল হারান। তারা দুঃখ করে বলেন, মামলা পাল্টা মামলা চালিয়ে সময়ক্ষেপণ করে ওই ট্রাক চালান প্রতিষ্ঠানের হিলি স্থলবন্দরস্থ অফিসের নেতারা মালের মূল্যের চার ভাগের একভাগ টাকা দিয়ে প্রায়শই মীমাংসা করে থাকেন ও মামলা প্রত্যাহার করে নিয়ে থাকেন।