নারায়ণগঞ্জে সাবেক এমপি কালামকে প্রতিহতের ঘোষণা শ্রমিক দলের

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:২৩
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালামকে প্রতিহতের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ শ্রমিক দলের নেতারা। তারা বলেছেন, আওয়ামী লীগের লোকজনদের সঙ্গে নিয়ে কাজ করা আবুল কালাম যেখানেই নিজেকে বিএনপি নেতা পরিচয় দিবেন সেখানেই তাকে প্রতিহত করা হবে। শুক্রবার সকালে শহরের মাসদাইর এলাকায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বাসায় অবস্থিত মজলুম মিলনায়তনে পরিবহন শ্রমিক দলের এক আলোচনা সভা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী পালনকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় শ্রমিক দল নেতারা এ ঘোষণা দেন। সভাগুলোতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তার উপস্থিতিতে শ্রমিক দলের নেতারা কালামকে প্রতিহত করার ঘোষণা দিলেও তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি। এখানে উল্লেখ্য, ২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণার কমিটির আহ্বায়ক ছিলেন আবুল কালাম। ওই নির্বাচনের ভোট গ্রহণের মাত্র ৭ ঘণ্টা আগে দলের চেয়ারপারসনের নির্দেশে সরে আসা তৈমুর আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। আবুল কালামের বিরুদ্ধে ওয়ান ইলেভেনের পর সংস্কারবাদীদের সঙ্গে সখ্যতার অভিযোগ রয়েছে।