বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষভাবে সব কয়টি সংসদ উপ-নির্বাচন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় প্রমাণ হয়েছে এ সরকারের অধীনেই নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব। তত্ত্বাবধায়ক সরকারের মতো মৃত ইস্যু নিয়ে রাজপথ গরম করে কোন লাভ হবে না। আদালতও এ পদ্ধতি বাতিল ঘোষণা করেছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ গতকাল শুক্রবার ভোলা সদরের বালিয়া স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিরাট সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিরোধীদল জেনে শুনেই দেশে অরাজক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর। সংঘাত-সংঘর্ষের রাজনীতি থেকে বিরত হয়ে বিরোধী দল সংসদে এসে কথা বলুন। তাহলে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করব। যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি ও জামায়াত জোট যেভাবে সহিংসতার পথ বেছে নিয়েছে, তাতে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সমাবেশ শেষে তিনি দুস্থদের মাঝে একহাজার কম্বল বিতরণ করেন। অন্যদের মধ্যে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম খানের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান ইফতেখারুল হাসান স্বপন, মোঃ মিলন, খায়রুল হাসান খোকনসহ ইউনিয়ন নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
