‘আমরা ভালো মানুষ’

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ চার যুবক গ্রেফতার হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে কাজী আমিনুল ইসলাম শামিম, জসিম উদ্দিন, মোহাম্মদ সোহেল ও মকবুল হোসেন। উদ্ধার করা হয় ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ১টি ছুরি। গ্রেফতারকৃতরা বলেছে, আমরা ভালো মানুষ, আমরা ঘটনার শিকার। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (পশ্চিম) মশিউর রহমান বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। তারা অস্ত্র কেনা- বেচার পাশাপাশি ডাকাতিও করে থাকে। আর ডাকাতির প্রস্তুতিকালেই তাদের গ্রেফতার করা হয়। গতকাল তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত শামিম সাধারণত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং আরো কয়েকটি জায়গা থেকে ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বিদেশি অস্ত্র কিনে আনত। ডাকাতি ও অস্ত্র ব্যবসা তার মূল পেশা। জসিম উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে ছিল। ২০১১ সালে সে দেশে আসে। বিদেশ থেকে আনা টাকা ফুরিয়ে যাওয়ার কারণে সে ডাকাতিসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। সে গতবছর শামিমের কাছ থেকে ৭০ হাজার টাকায় একটি অস্ত্র কিনে। সোহেল বিবিএ-এর ছাত্র এবং মকবুল হোসেন একজন ছোটখাট ব্যবসায়ী। বড় সন্ত্রাসী হওয়া এবং আর্থিক সুবিধা লাভের জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় পৃথক ২টি নিয়মিত মামলা হয়েছে। তাদের অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, একইদিন রাতে ডিবি পুলিশ মতিঝিলের বিআরটিসি যাত্রীছাউনি থেকে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে লিটন মিয়া ও মহসিন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ কেজি গাঁজা।