গৌরনদীতে বাস ভাংচুর ১০ যাত্রী আহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:০০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বেজগাতি এলাকায় বৃহস্পতিবার রাতে বখাটেরা হামলা চালিয়ে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করেছে। হামলায় একজন এ্যাডভোকেটসহ কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ভূরঘাটাগামী যাত্রীবাহী লোকাল বাস তুফান মেল রাত সাড়ে আটটার দিকে মহাসড়কের বেজগাতি এলাকা অতিক্রম করছিলো। এ সময় বাসের যাত্রী তিন বখাটে যুবক বেজগাতি এলাকায় তাদের নামিয়ে দেয়ার জন্য চালককে চাপ প্রয়োগ করে। এতে বাসের অপরযাত্রী কটকস্থল গ্রামের মনির মোল্ল¬া প্রতিবাদ করায় তার সাথে বাকবিতন্ডা বাধে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ওই তিন বখাটে যুবক মনিরকে মারধর করে। এ সময় বাসটি থামালে ওই তিন যুবক বাস থেকে নেমে ইটপাটকেল নিক্ষেপ করে বাসটি ভাংচুর করে পালিয়ে যায়। ইটপাটকেল নিক্ষেপে বাসযাত্রী এ্যাডভোকেট নিতাই তপাদার, বিএম কলেজের ছাত্র মনির মোল্ল¬াসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। গুরুতর আহত এ্যাডভোকেট নিতাই তপাদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।