ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, গত বৃহস্পতিবার দু’টি ঘটনা ঘটেছে যা কোনভাবেই মেনে নেয়া যায় না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে গুলি করার হুমকি দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য।
বিবৃতিতে তিনি বলেন, এসব ঘটনায় প্রমাণ হচ্ছে দেশে এখন চরম নৈরাজ্যজনক অবস্থা বিরাজ করছে। সরকার দলীয় লোকেরা বর্তমানে আইন-কানুনের কোন তোয়াক্কাই করছে না। মন্ত্রীর দফতরে গিয়ে সরকারি কর্মকর্তাকে গুলি করার হুমকি প্রদান এবং পুলিশের হাত থেকে ছাত্রলীগের একজন কর্মী অস্ত্র কেড়ে নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর গুলির ঘটনা কেন ঘটবে? প্রশাসন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
