শ্রীবরদীতে অটোরিকশা চালকের বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম উজ্জ্বল মিয়া (৪০)। তিনি উপজেলার শংকরঘোষ গ্রামের বাসিন্দা।
ধর্ষণের শিকার ছাত্রীটি উপজেলার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলার শংকরঘোষ গ্রামে এ ঘটনা ঘটে।
ছাত্রীটির বক্তব্য ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্রীটি তার নিজ বাড়িতে বুধবার বেলা ১২টার দিকে কাপড় ধোয়ার সময় প্রতিবেশী অটোরিকশাচালক উজ্জ্বল সেখানে আসেন। এ সময় বাড়িতে লোকজন না থাকায় তিনি ছাত্রীটির মুখ চেপে ধরে তাকে একটি ঘরে নিয়ে যান। পরে ধর্ষণ করেন। ঘটনার পরপর উজ্জ্বল পালিয়ে যান।
এ ঘটনার সময় ছাত্রীটির বাড়িতে কোন লোকজন ছিল না। পরে বাড়ির লোকজন বাড়িতে এলে ছাত্রীটি এ ঘটনার কথা খুলে বলে।
আহত ছাত্রীটিকে আত্মীয়-স্বজন প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চিকিৎসকের পরামর্শক্রমে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত উজ্জ্বলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/জেডএইচ
