জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘শুধু মন্ত্রী ও এমপিরাও নয় শিবচরের উন্নয়নের চিত্র দেখে সাংবাদিকরাও অভিভূত। বিএনপি নানা নাটকীয়তার মধ্যে দিয়ে সংসদের যোগ দেওয়ায় আমি তাদের ধন্যবাদ জানাই। প্রথমে একজন আসলেন, পরে আরও চারজন আসলেন। তারা বললেন, এটা দলের সিদ্ধান্ত। অথচ তাদের মহাসচিব আসলেন না। তাহলে কি দলের সিদ্ধান্ত মহাসচিব মানে না। তিনি কার সিদ্ধান্ত মানেন। এটা কি খালেদা জিয়ার সিদ্ধান্ত না তারেক জিয়ার সিদ্ধান্ত। দলের সিদ্ধান্ত না মানলে তাকে তো একদিনের মধ্যেই বহিষ্কার করা উচিত ছিল। মাত্র ১০ বছর বিএনপি ক্ষমতায় না থাকায় তার দল দেউলিয়ায় পরিণত হয়েছে।
বুধবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় ৪৫ শতাংশ সরকারি জমিতে প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে ৫০টি পরিবারের মধ্যে বসতঘর প্রদানের মাধ্যমে একটি গুচ্ছগ্রামের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক মোজাম্মেল বাবু প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন শিবচরকে বাঙ্গালিত্ব, ধর্ম, অসাম্প্রদায়িকতার এক মিলনভুমি বলে আখ্যা দিয়ে এ উপজেলাকে মডেল করে সারাদেশে উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে দেয়ার দাবি জানান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল নূর, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন, সহকারী কমিশনার (ভুমি) আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান (তোতা), বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন আল আজাদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকালে শিবচরের দত্তপাড়ায় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের পিতা সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াছ আহম্মেদ চৌধুরী (দাদা) ভাইয়ের কবর জিয়ারত করেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৩০ সংসদ সদস্য। পরে লিটন চৌধুরী সন্ন্যাসীরচর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত মাষ্টার সেতু বন্দরখোলা ইউনিয়নে সখিনা শিকদার সেতু উদ্বোধনসহ একাধিক উন্নয়নমুলক কাজের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন। এর পর লিটন চৌধুরী উত্তর বহেরাতলা ইউনিয়নের সভাপতি মরহুম সানু ঢালী দোয়া মাহফিলে যোগদান করেন।
ইত্তেফাক/বিএএফ
