ইমারত নির্মাণের নকশা অনুমোদনের ক্ষমতা আবারও ফিরে পেল কক্সবাজার পৌরসভা। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এবিষয়ে একটি পত্র বৃহস্পতিবার কক্সবাজার পৌরসভায় পৌঁছে। প্রায় ৩ বছর আগে ইমারতের নকশা অনুমোদনের ক্ষমতা প্রত্যাহার করে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন একটি কমিটির হাতে দেয়া হয়েছিল।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৩১ ডিসেম্বর প্রেরিত এক পত্রে পৌরসভার আওতাধীন এলাকার সরকারি-বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ইমারতের নকশা অনুমোদনের ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়। সূত্র জানায়, নকশা অনুমোদনের ক্ষমতাপ্রাপ্ত জেলা প্রশাসকের নেতৃত্বাধীন উক্ত কমিটিকে পরবর্তীতে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ হিসাবে স্বীকৃতি দেয়া হয়। কিন্তু উক্ত কমিটির বিরুদ্ধে কাজে দীর্ঘসূত্রতা, অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগ ওঠে। এর ফলে কক্সবাজারের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে।
