গাজীপুরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। এদিকে ঈশ্বরদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন এবং সাতক্ষীরার আশাশুনিতে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
কালীগঞ্জ (গাজীপুর): পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাসুদ রানা কুডু (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামে এ ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. ইউনুস মিয়াকে (১৯) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত মাসুদ রানা ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি ইজিবাইক চালক ছিলেন। আটক ইউনুস মিয়া কালীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ড দড়িসোম গ্রামের আওয়াল হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুর রহমান মাসুম বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইউনুস আটক থাকলেও বাকীদের আটকের চেষ্ঠা চলছে।
ঈশ্বরদী (পাবনা): ছোটের ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল ৯টায় ঈশ্বরদী শহরের পুলিশ ফাঁড়ির মাঠের সামনে এক ভাংড়ীর দোকানে।
জানা যায়, আমবাগান পুলিশ ফাঁড়ির সামনে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ভাংড়ী ব্যবসায়ী জুয়েলের দোকানের ভেতর ভাংড়ী বিক্রি করার সময় জিয়ারুলকে (৩২) ছোট ভাই কাজিম ছুরিকাঘাত করলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এসআই হালিম জানান, জিয়ারুল সম্প্রতি ১০ বছর জেল খাটার পর জামিনে বের হয়ে এসেছে। ছোট ভাই কাজিম বড় ভাইয়ের নিকট ৫ হাজার টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কিলঘুষি শুরু হয়। এই পর্যায়ে বড় ভাই দোকানের ভেতর ঢুকে পড়লে ছোট ভাই তাড়া করে গিয়ে পেটের ভেতর চাকু ঢুকিয়ে দেয়।
পুলিশ ঘটনাস্থল হতে ঘাতক কাজিমকে আটক করেছে। নিহত জিয়ারুল ঈশ্বরদী পৌরসভার নূরমহল্লা বস্তিপাড়া এলাকার মন্টুর ছেলে।
সাতক্ষীরা: আশাশুনিতে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন গাইন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম সানা (৫০), তার ভাই আরশাদ সানা (৬৩) ও বাটরা গ্রামের আশু সরদারের ছেলে লিটন সরদার বাবু (৪০)। নিহত মোনায়েম কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের মৃত শাহাজুদ্দীন গাইনের ছেলে। আটককৃতরা হলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা, তার ভাই আশরাফুল ইসলাম সানা ও লিটন সানা ওরফে বাবু সানা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
