বেনাপোলে মাদক ব্যবসায়ীসহ আটক ৩৭

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০১
পুলিশের ওপর গত ৩ জানুয়ারি চোরাকারবারীদের হামলার ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে বেনাপোলের ভবেরবেড় গ্রামে র্যাব-পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৩৭ জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানিয়েছে, যশোর থেকে পুলিশের একটি বিশেষ দল গত ৩ জানুয়ারি সন্ধ্যায় বেনাপোল ভবেরবেড় গ্রামের রেলস্টেশন এলাকায় মাদক মামলার আসামি গ্রেফতার করতে যায়। এ সময় চোরাকারবারীদের হামলায় এএসপি, ওসি, দারোগাসহ ১১ পুলিশ আহত এবং ৩টি পুলিশ ভ্যান ভাংচুরের ঘটনা ঘটে। ওই রাতেই এসআই মতিয়ার রহমান ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো পাঁচ-ছয়শ’ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোমা এবং একটি পিস্তল উদ্ধার করে। পরদিন সকালে দুই হামলাকারীকে আটক করে পুলিশ। র্যাব পরদিন ওই গ্রাম থেকে ১টি শর্টগান এবং ১১টি তাজা বোমা উদ্ধার করে। এ হামলার ঘটনায় গত বৃহস্পতিবার দিনগত রাতে এজাহারভুক্ত আসামিসহ ৩৭ জনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম ফারুক হোসেন জানান, সরকারি কাজে বাধাসহ পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৩৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক অভিযান অব্যাহত রয়েছে।