রাহুল কংগ্রেসের সহ-সভাপতি

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৪
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সহ-সভাপতি নিয়োগ দেয়া হয়েছে রাহুল গান্ধীকে। কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর পুত্র রাহুলকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী করার দাবি উঠেছে কংগ্রেস দল থেকে। গতকাল শনিবার দলের এক সম্মেলনে নেতারা এ দাবি জানান। সম্মেলন শেষে দলের কার্যনির্বাহী কমিটিতে তার নিয়োগ অনুমোদন করা হয়। এর আগে তিনি দলের সাধারণ সম্পাদক ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। দেশটির জয়পুরে অনুষ্ঠিত চিন্তন শিবির নামে এ সম্মেলনে কংগ্রেসের সিনিয়র নেতা এবং লোকসভার সদস্য নিরূপম সঞ্জয় রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী করার দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের যোগ্যতা তারই আছে এবং এ নিয়ে আর কোনো চিন্তার প্রয়োজন আছে বলে মনে হয় না। আগামী নির্বাচনে রাহুলকে নেতৃত্ব দেয়ারও আহবান জানান তিনি। তার মা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বিদেশি নাগরিক হওয়ায় বিরোধী দলের আপত্তির কারণে প্রধানমন্ত্রী হননি। যদিও ক্ষমতা তার হাতে বলে মনে করা হয়। আরেক সিনিয়র নেতা বীরাপ্পা ময়লি বলেন, রাহুল গান্ধীই আমাদের বর্তমান এবং ভবিষ্যতের নেতা। মনি শংকর আয়ার বলেন, কংগ্রেস নেতাদের এ দাবি রাহুল গান্ধীর গ্রহণ করা উচিত। তবে রাহুল গান্ধীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবারও এই সম্মেলনে দলের নেতা রাজ বাবর, অবতার সিংসহ অন্যান্য নেতারা একই দাবি জানান। যুবনেতা মিলিন্দ দেওরা বলেন, যুবকদের শক্তিশালী করতে রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী করতে হবে। নেতারা মনে করছেন, আগামী নির্বাচনে মধ্যবিত্ত এবং শহুরে ভোটারদের করতে হবে। শুক্রবার সোনিয়া গান্ধীর বক্তব্যে এমন আভাসই পাওয়া গেছে। বর্তমানে ভারতে তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ধর্ষণ, দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার। আর এক্ষেত্রে ক্ষতির শিকার মূলত এই মধ্যবিত্তরা। ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনে বিজেপি জয়লাভ করলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারেন। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই প্রধানমন্ত্রী হন।