ডা. ইভা হত্যার বিচার ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার দাবিতে মৌন মিছিল

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৫
ডাক্তার সাজিয়া আফরিন ইভা হত্যার বিচারের দাবিতে শুক্রবার মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পিপলস ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে ইভা হত্যার বিচারের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাজধানীর উত্তরায় ব্র্যাকের একটি ক্লিনিকে কর্মরত অবস্থায় কর্মচারীর হাতে খুন হন ডা. ইভা। মানববন্ধনে বক্তারা বলেন, ব্র্যাক কর্তৃপক্ষ ডা. ইভার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এজন্য তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে তার নামে উত্তরায় এসব ক্লিনিকের নামকরণ এবং তার নামে বৃত্তি প্রদানের জন্য একটি তহবিল গঠনের দাবি জানানো হয়েছে।