আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামীকাল সোমবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় আগামী ২৪ জানুয়ারি ঢাকাসহ দেশব্যাপী মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এবং বিএনপি-জামায়াত অশুভ জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে মানববন্ধন কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার বিষয় নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী এমপি সভায় সংশ্লি¬ষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে আজ রবিবার বিকাল ৫টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বার্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং মহানগরের অন্তর্গত দল মনোনীত সকল জাতীয় সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম অনুরোধ জানিয়েছেন।
