অর্থনীতি কৃষি রফতানিতে বাংলাদেশ বেঙ্গল টাইগারের মতো এগুচ্ছে :মজীনা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৮
উত্তরার গ্যালারি কায়ায় ছাপচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠেছে। যে দেশকে একদিন তলাবিহীন ঝুড়ি হিসাবে উল্লেখ করা হয়েছিল, সেই দেশ খুব কম সময়ে তার সেই অবস্থাকে বদলে দিয়েছে। বাংলাদেশে শিক্ষা বিপ্লব ঘটেছে। তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতি, কৃষি, রফতানি ও সংস্কৃতিতে রয়েল বেঙ্গল টাইগারের মত অগ্রসর হচ্ছে। শিল্প ও সংস্কৃতিতে বাংলাদেশ সারাবিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। বিশ্বের বড় বড় গ্যালারি ও আর্ট সেলিং হাউজগুলো বাংলাদেশের শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে উঠছে। এসবই এ দেশের সুদীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় পাওয়া। গতকাল শনিবার গ্যালারি কায়ায় শুরু হয়েছে ‘ছাপাই ছবি-২’। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সমালোচক ও স্থপতি শামসুল ওয়ারেস। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী মাহমুদুল হক। স্বাগত বক্তব্য দেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। প্রদর্শনীতে দেশের ছাপচিত্রের পথিকৃত্ শিল্পী মোহাম্মদ কিবরিয়া থেকে শুরু করে তরুণ শিল্পীদের ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীতে মোট ১৪ জন শিল্পীর ৫৩টি ছাপচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনীতে আর যাদের ছাপচিত্র স্থান পেয়েছে: মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, নিতুন কুম্ভু, মাহমুদুল হক, আবুল বারক আলভী, রতন মজুমদার, রোকেয়া সুলতানা, ওয়াকিলুর রহমান, রফি হক, রশীদ আমীন, আনিসুজ্জামান, নগরবাসী বর্মণ ও শেখ মোহাম্মদ রোকনুজ্জামান। মোহাম্মদ কিবরিয়ার শিরোনামহীন ছবি গভীর বোধ নিয়ে উপস্থিত হয় দর্শকের সামনে। মুর্তজা বশীরের রক্তাক্ত-২১ মনে করিয়ে দেয় ভাষা আন্দোলন, শিল্পী কাইয়ুম চৌধুরী প্রকৃতির সৌন্দর্য্য যেমন তুলে ধরেছেন তেমনি শিল্পী রোকেয়া সুলতানা প্রকৃতির সৌন্দর্য্য এবং তার ক্ষয়িষ্ণুতাকে তুলে এনেছেন ক্যানভাসে। শিল্পী আনিসুজ্জামান তার ক্যানভাসে তুলে এনেছেন নগর সভ্যতার ক্ষয়িষ্ণু স্থবিরতাকে।