১৪৬ জনকে অমুক্তিযোদ্ধা আখ্যায়িত করায় মঠবাড়িয়ায় বিক্ষোভ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০২
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা কমান্ডের কমান্ডারসহ ১৪৬ জন গেজেটভুক্ত ভাতাধারী মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ দায়েরের প্রতিবাদে স্থানীয় মুক্তিযোদ্ধারা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন। শনিবার বিক্ষুব্ধ চার শতাধিক মুক্তিযোদ্ধা পৌরশহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। শেষে মঠবাড়িয়ায় অবস্থানরত পিরোজপুর জেলা প্রশাসক অনল চন্দ্র দাসের নিকট স্মারকলিপি প্রদান করেন। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলার যুদ্ধকালীন কমান্ডিং অফিসার এম.এ সামাদ, ডেপুটি কমান্ডার লুত্ফর রহমান, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, গোলাম রহমান কামাল, হাবিবুর রহমান শরীফ, শরীফ মোঃ আলমগীর হোসেন ও শাহাদাত্ হোসেন রাজা প্রমুখ। সভায় মুক্তিযোদ্ধারা উপজেলা কমান্ডের কমান্ডারসহ স্থানীয় ১৪৬ মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগে স্বঘোষিত যুদ্ধকালীন কমান্ডার মজিবুল হক খান মজনু ও মো. মাহাতাব উদ্দিন আকনকে মুক্তিযোদ্ধা সংসদে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। প্রকাশ, অভিযোগকারী ওই দুই মুক্তিযোদ্ধার অভিযোগের ভিত্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করলে জেলা প্রশাসক বিষয়টি তদন্তের জন্য মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৬ জুলাই এক স্মারকে ১৪৬ জন মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধাগণ গ্রহণ করছেন ও আনিত অভিযোগটি সত্য নয় বলে প্রতিবেদন দাখিল করেন। গত ২৯ জুলাই পিরোজপুর জেলা প্রশাসক ওই দুই মুক্তিযোদ্ধার আনিত অভিযোগটি সঠিক নয় বলে মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরণ করেন।