নাগেশ্বরীতে মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীদের নিবন্ধনে অনিয়ম করায় চেয়ারম্যানকে উত্তেজিত জনতা দিনভর অবরুদ্ধ করে রাখে। পরে কৌশলে পালিয়ে তিনি আত্মরক্ষা করেন। উত্তেজিত জনতা মিছিল নিয়ে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ঘেরাও করে। উপজেলার ১৪ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে গত বুধবার সকাল থেকে জি-টু-জি পদ্ধতিতে মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নির্দেশনা অনুযায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবর্তে প্রশিক্ষিত ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলোতে নিবন্ধনের কথা বলা হয়। এ সুযোগে রামখানা ইউনিয়নে প্রায় ১২ শ’ লোকের কাছে জনপ্রতি ৭০ টাকা করে নেয়া হলেও নিবন্ধিত হয় ৩৮০ জন। অনেকের হার্ড কপিতে প্রার্থীর মোবাইল নম্বর ব্যবহার না করে চেয়ারম্যানের নম্বর দেয়া হয়। শনিবার হার্ড কপি নিতে এসে এ খবর জানতে পেরে জনতা ক্ষেপে যায়। চেয়ারম্যান কোন সদুত্তর দিতে না পারায় উত্তেজিত জনতা তাঁকে দিনভর আটকে রাখে। সন্ধ্যার আগে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং চেয়ারম্যান কৌশলে আত্মগোপন করে। তথ্যসেবা কেন্দ্রে কর্মরত চেয়ারম্যানের ভাতিজা ও ভাতিজি পালিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত চলে চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল।
