কুমিল্লার দেবিদ্বারে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষক বন্ধু ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে শনিবার পৌর এলাকার উত্তর হামলাবাড়ী গোমতী নদীতে ওই ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন করেন সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি এবিএম গোলাম মোস্তফা। এ উপলক্ষে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ডাবল লিফটিং সেচ প্রকল্প পরিচালক এএসএম জাহিদ আহমেদ। বক্তব্য রাখেন হামলাবাড়ি কৃষক বন্ধু সেচ প্রকল্পের সভাপতি মো. গিয়াসউদ্দিন ফকির, কৃষক প্রতিনিধি আব্দুল ওয়াহাব, উপজেলা কৃষি কর্মকর্তা বশির আহমেদ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুল বাতেন ভূঁইয়া, মো. জসীমউদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা হাজী কেফায়েতউল্লাহ, সুবিল ইউনিয়নের চেয়ারম্যান এম রশিদ, ডাবল লিফটিং সেচ প্রকল্প-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান প্রমুখ।
