শেরপুরের নবীনগর কাঁচা বাজারকে ‘ফরমালিন ও ভেজালমুক্ত বাজার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে নবীনগর কাঁচা বাজারে সব ধরনের মাছ, তরিতরকারি, ফলমূলে ফরমালিন ব্যবহার ও যেকোন ধরনের কেমিক্যাল মিশ্রিত ভোগ্যপণ্যের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সিদ্ধান্তে গত বৃহস্পতিবার থেকে এ কাঁচা বাজারকে ফরমালিন ও ভেজালমুক্ত বাজার হিসেবে ঘোষণা করা হয়। শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, পৌরসভা, ক্যাব জেলা কমিটি ও নবীনগর বাজার ব্যবসায়ী সমিতি জেলা প্রশাসনের এ কার্যক্রমে সার্বিক সহায়তা করে। ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা বলেন, প্রতিদিন নবীনগর বাজারে পণ্য আনার সময় সেগুলো যথাযথ পরীক্ষার পর বাজারে বিক্রির অনুমতি দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন মাঝে মাঝেই এ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করবে। পর্যায়ক্রমে জেলার সবগুলো কাঁচা বাজারকেই ফরমালিনমুক্ত করার পদক্ষেপ নেয়া হবে।
