আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ করে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া-আশুতিয়াপাড়া গ্রামে গতকাল রবিবার দুই গ্রুপের সংঘর্ষে কুদ্দুস মিয়া (৭০) নামে একজন নিহত ও উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ২০/২৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়। বেশ কয়েক বছর যাবত্ ফজলু মিয়া ও শহীদ মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ ও মারামারি চলে আসছিল। উভয় পক্ষের লোকজনদের বিরুদ্ধে মামলা-পাল্টা মামলাও রয়েছে। আজকেও (সোমবার) বিরোধ মীমাংসার জন্য সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার সকালে ফজলু মিয়ার পক্ষের একজন জমিতে চাষাবাদ করতে গেলে শহীদ গ্রুপের লোকজন তাকে ধাওয়া করে। পরে ফজলু গ্রুপের লোকজন শহীদ মিয়ার বাড়িতে হামলা চালালে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বল্লমের আঘাতে ফজলু মিয়ার পক্ষের কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হয়।
