কুষ্টিয়ায় দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। গত শনিবার সন্ধ্যায় পুলিশ ঘরের তালা ভেঙ্গে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। নিহতের নাম আলমগীর হোসেন আলম (৪৫)। তিনি নবাব সিরাজ-উদ্দৌলা নামক শহরের প্রধান সড়ক সংলগ্ন নবীন সু স্টোরের মালিক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আলমগীর হোসেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উপরে তিনতলায় তাঁর বাড়িতে বসবাস করতেন। শুক্রবার রাতে বাড়িতে প্রবেশ করার পর তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে তার আত্মীয়রা ওই ব্যবসায়ীর বেডরুমের তালা ভেঙ্গে মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করে। লাশের গলায় চিকন রশি দিয়ে ফাঁস লাগানো ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
কুষ্টিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম জানান, তদন্ত ছাড়া এই মুহূর্তে হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে খুব শিগগিরই হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান।
