কানেক্টিং ক্লাসরুমস দ্বিতীয় পর্বের উদ্বোধন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২৫
যুক্তরাজ্য ও বাংলাদেশের বিদ্যালয় ভিত্তিক ‘কানেক্টিং ক্লাসরুমস’ শীর্ষক দ্বি-পাক্ষিক কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। গতকাল রবিবার রাজধানীতে একটি পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি) এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, ইতিমধ্যে কানেক্টিং ক্লাসরুমস কর্মসূচির প্রথম পর্ব (২০০৯-১২) সফলভাবে সম্পন্ন হয়েছে। এর অর্জনগুলো সংহত করার পাশাপাশি বাংলাদেশের ৬৪ জেলার সব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যালয়ভিত্তিক অংশীদারিত্বের সুযোগ ও প্রভাবকে বৃদ্ধি করাই দ্বিতীয় পর্বের লক্ষ্য। ২০১৫ সালের মধ্যে এ কর্মসূচি সম্পন্ন হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, কানেক্টিং ক্লাসরুমস তরুণ ও তরুণীদের জীবনে একটি বিশেষ প্রভাব ফেলবে। এছাড়া বৈশ্বিক নাগরিক হতে এবং একবিংশ শতকের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে শিক্ষার্থীদের বিজয়ী হওয়ার প্রস্তুতিতে সাহায্য করবে। বাংলাকে জাতিসংঘের ভাষা করার ক্ষেত্রে বৃটিশ কাউন্সিলের সহায়তা কামনা করেন তিনি। বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিকতাবাদ এর উন্নয়নে কানেক্টিং ক্লাসরুমস অত্যন্ত গুরুত্ববহ। বৃটিশ কাউন্সিলের পার্টনারশীপস ্এন্ড প্রোগ্রামস-এর পরিচালক রবিন ডেভিসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএফআইডি-বাংলাদেশ’র শিক্ষা পরামর্শক ফজলে রব্বানী, রিজিওনাল স্কুলস ডেভেলপমেন্ট ম্যানেজার ডমিনিক রেজেস্টার, রাইকাহ ওয়ালী খান।