অর্থপাচারের অভিযোগে ডেসটিনির বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় আরো ৪১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। এ নিয়ে ৩ দফায় ডেসটিনির একাধিক প্রতিষ্ঠানের ৬৪৫টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিলো একই আদালত।
এর আগে গত বছর ২ অক্টোবর ওই ৫৩৩টি এবং ২৯ নভেম্বর ৭১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় একই আদালত। এছাড়া গত ২৭ নভেম্বর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, তার স্ত্রী পরিচালক ফারাহ দিবা ও চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রয়-বিক্রয়ের ওপর ক্রোকাদেশ দিয়েছিলো আদালত। দুদকের বিশেষ পিপি আব্দুস সালাম জানান, ৬৪৫টি ব্যাংক হিসাবে জমা থাকা ও কর্মকর্তাদের ক্রোককৃত স্থাবর-অস্থাবর সম্পদ মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশত কোটি টাকার মতো। মানি লন্ডারিংয়ের মাধ্যমে তিন হাজার ২৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে গত বছর ৩১ জুলাই দুটি মামলা দায়ের করা হয়।
