শান্তিপূর্ণ সম্পর্কের নিদর্শন পাকিস্তানকে দেখাতে হবে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২২:০৬
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় ভারত। তবে এক্ষেত্রে পাকিস্তানকে তার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা প্রতিবেশি দেশটির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। সীমান্তে দুই ভারতীয় সৈন্য হত্যার ঘটনা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন তিনি। খবর এনডিটিভির। গতকাল রবিবার দেশটির জয়পুরে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমরা সবকিছু বিবেচনা করে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেব। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই উল্লেখ করে তিনি বলেন, এজন্য পাকিস্তানকেও যথাযথ পদক্ষেপ নিতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, ভারত কারো মাধ্যমে প্রভাবিত হয়ে পাকিস্তানের সঙ্গে সংলাপে বসবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই দেশটির সঙ্গে আলোচনা করা হবে। গত ৬ জানুয়ারি বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে এক পাকিস্তানি সৈন্য নিহত হয়। সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর গুলি বিনিময় এবং ৮ জানুয়ারি ভারতের নিহত দুই সৈন্যের একজনের মাথা কেটে নেয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। দেশ দুটি তাদের সৈন্য নিহত হওয়ার জন্য একে অপরের প্রতি অভিযোগ করেছে। তবে উভয় দেশই পরস্পরের অভিযোগ অস্বীকার করেছে।