নতুন বছরের শুরু থেকেই ব্রাজিলের ক্যাম্পো গ্রান্দ শহরটির প্রায় ৬শ’ অধিবাসী ডেঙ্গু জ্বরে ভুগছেন বলে খবর পাওয়া গেছে। শহরটিতে ভারি বৃষ্টিপাত ডেঙ্গুবাহী মশার বংশবিস্তার বাড়িয়ে দেয়ায় ডেঙ্গু আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শহরটির রাস্তায় জমে থাকা পানি পরিষ্কার করার জন্য শত শত শ্রমিক ভাড়া করা হয়েছে। জমে থাকা নোংরা পানিতেই মশার বংশবিস্তার বেশি হয়। পরিস্থিতি মোকাবিলায় শহরটিতে সোমবার থেকে জরুরি অবস্থা বলবত্ হয়েছে। এর ফলে শহর কর্তৃপক্ষ বাড়তি শ্রমিক ভাড়া করা এবং কোনো দরপত্র আহ্বান ছাড়াই ওষুধ ক্রয় করতে পারবে। ব্রাজিলের কেন্দ্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত দুইজন মারা গেছে। ক্যাম্পো গ্রান্দ শহর ছাড়াও এসপিরিটু সান্তো প্রদেশের ভিক্টোরিয়া শহরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে চলতি মাস শেষ হওয়ার আগেই দেড় হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হবে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অবিলম্বে জোরদার করার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে জনগণকে তাদের ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন নোংরা পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানিয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র প্যারাগুয়েতে ৮ হাজার ৫শ’ মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে ইতোমধ্যে ৮ জন মারা গেছে।
