নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউপি ভবন নির্মাণের স্থান নির্ধারণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ এলাকায় একই সময়ে স্থানীয় দুটি পক্ষ সমাবেশ আহ্বান করায় সোমবার ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। জানা যায়, ১৯৬৪ সালে দাসগ্রামে ১০ একর ২৯ শতক জমি নিয়ে স্থাপিত চান্দাই ইউনিয়ন পরিষদ কার্যালয় সম্প্রতি চেয়ারম্যান আনিসুর রহমান খেঁচু গোপনে তার নিজ গ্রাম চান্দাইয়ে স্থানান্তরের চেষ্টা করেন। এর প্রতিবাদে আব্দুল মালেকের নেতৃত্বে ‘স্বস্থানে ইউপি ভবন নির্মাণ আন্দোলন কমিটি’ দাসগ্রামেই ইউপি ভবন বহাল রাখার দাবিতে সোমবার সকাল ১০টায় ইউপি চত্বরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে চেয়ারম্যান সমর্থকরা ‘চাঁন্দাই বাজারে ভবন নির্মাণ বাস্তবায়ন কমিটি’র ব্যানারে একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকে। দু’পক্ষ একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
