মোবাইল ফোনের কললিষ্ট ধরে কুমিল্লার লাকসামে চাঞ্চল্যকর রবিউল হত্যা মামলায় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে অটো বাইক চালক রবিউল হোসেনকে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের শহিদুল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (১৯), আবুল খায়েরের ছেলে মহিন উদ্দিন (২৪), প্রবাসী ওমর আলীর মেয়ে ও রবিউল হোসেনের প্রেমিকা সাথী আক্তার (১৮) ও তার মাকে আটক করা হয়।
লাকসাম থানার এসআই শাহজাহান জানান, রবিউল হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে রবিবার উল্লেখিতদের আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। রবিউল হোসেনকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে হত্যার বিষয়টি পোষ্টমর্টেম রিপোর্টে নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর মোহাম্মদপুরের হাকিম আলীর ছেলে রবিউল হোসেনকে (২৩) গলায় ফাঁস দিয়ে হত্যা করে পার্শ্ববর্তী বাড়ির খড়ের গাদায় ফেলে রাখা হয়। তার ভগ্নিপতি নবী হোসেন বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
