মুজিবনগরে বিএসএফ’র গুলিতে কৃষক আহত \ সীমান্তে উত্তেজনা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০০
মেহেরপুর মুজিবনগর উপজেলার জয়পুর সীমান্তে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আব্দুল মোমিন নামের এক কৃষককে গুলি করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী এবং সীমান্তে চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত তালেব হালসার ছেলে কৃষক আব্দুল মোমিনসহ (৪৫), একই গ্রামের রহিম বক্সের ছেলে ছাবির, আরশেদ আলীর ছেলে শাহীন ও জয়নালের ছেলে আব্বাস পার্শ্ববর্তী মাঠে কাজ করতে যায়। বেলা আড়াইটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ভারতের নদীয়া জেলার গুমড়া ক্যাম্পের বিএসএফ হামলা চালায়। বিএসএফ সীমান্তের ৯৬নং মেইন পিলারের পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এক রাউন্ড গুলি আব্দুল মোমিনের তলপেটের বামপাশে বিদ্ধ হয়।