জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট বাজারের ব্যবসায়ীরা সরকার দলীয় সমর্থক শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ রাজা মিয়াকে গ্রেফতারের দাবিতে সকাল-দুপুর হরতাল পালন করেছে। রবিবার জগন্নাথগঞ্জ ঘাট বাজার ব্যবসায়ী সমিতির ডাকে ব্যবসায়ীরা ৬টা থেকে ১২টা পর্যন্ত দোকানপাট এবং যান চলাচল বন্ধ রেখে হরতাল পালন করে। ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক আমীর হোসেন মিলন, ব্যবসায়ী মুকুল, ইমান আলী, মোত্তালেবের নেতৃত্বে ব্যবসায়ীরা হরতাল চলাকালে এ লাঠি মিছিল করে। গত শুক্রবার সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজা মিয়া জগন্নাথগঞ্জ ঘাট বাজারের স’মিল ব্যবসায়ী ওয়াজেদ আলীর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওয়াজেদ চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করে। এ ঘটনার প্রতিবাদে এবং রাজা মিয়াকে গ্রেফতারের দাবিতে ব্যবসায়ী মহল এ কর্মসূচি পালন করে।
