মঈনের মনোনয়নের দাবিতে আশুগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:৫৩

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে মো. মঈন উদ্দিন মঈনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী-সমর্থকরা। সোমবার দলীয় কর্মী সমর্থকরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনারামপুর এলাকায় জড়ো হয়। বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী আশুগঞ্জ গোলচত্তর থেকে রেলগেট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখায় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এরপর আশুগঞ্জ গোল চত্বর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু রেজভী আহমেদ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. শাহ আলম প্রমুখ।

দলীয় নেতাকর্মীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৫টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলেও জোটের জন্য ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি রেখে দেয়া হয়। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মঈনসহ দুই উপজেলার ২০জন প্রার্থী। কিন্তু আসনটি মহাজোট থেকে জাতীয় পার্টিকে দেয়া হয়। গত দুইটি নির্বাচনেও এই আসনে জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের পছন্দ মঈন উদ্দিন মঈন। তাই তাকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নের দাবি জানান নেতাকর্মীরা।