ককটেল নিক্ষেপের মামলায় মীর্জা ফখরুলের জামিন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২২:২৭
এবার ককটেল নিক্ষেপের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে জামিন চেয়ে আবেদন করেন মির্জা ফখরুল। আদালতে তার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও এডভোকেট জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম শুনানি করেন। আদেশের পর ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, মামলার এজাহারে আসামি কলামে মির্জা ফখরুলের নাম ছিল না। এরপরও কেবল রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় তাকে জড়ানো হয়েছে। মামলার বাদিও এজাহারে বলেছেন, তিনি নির্দেশিত হয়ে এই মামলা করেছেন। তার মানে বাদি নিজ ইচ্ছায় এই মামলা দায়ের করেননি। এটর্নি জেনারেল বলেন, মামলার এজাহারে রয়েছে অবরোধের আগে মির্জা ফখরুল মানুষকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি দিয়েছেন। এই পর্যায়ের একজন নেতা কেন মানুষকে হুমকি দিবেন? এখানে রাজনীতি আর সাধারণ মানুষের অধিকারকে গুলিয়ে ফেলা হচ্ছে। বোমা নিক্ষেপ, গাড়ি ভাঙচুর কারো রাজেনৈতিক অধিকার হতে পারে না। বিএনপিসহ ১৮ দলীয় জোটের আহবানে অবরোধ চলাকালে ককটেল নিক্ষেপের অভিযোগে করা মামলায় গত ৩ জানুয়ারি ফখরুলকে গ্রেফতার দেখায় পুলিশ। গত ১৫ জানুয়ারি নিম্ন আদালত ফখরুলের জামিন আবেদন নাকচ করে দেয়। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন দাখিল করেন তার আইনজীবী এডভোকেট সগীর হোসেন লিয়ন। তিনি জানান, আরো দুটি মামলায় ফখরুলকে গ্রেফতার দেখানো হয়েছে। ফলে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। এদিকে পরোয়ানা ব্যতীত নতুন কোন মামলায় মীর্জা ফখরুলকে গ্রেফতার না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সরকার পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।