কুমিল্লার বিলুপ্ত-৯ আসন পুনরুদ্ধারে প্রতীক গণঅনশনের ডাক দিয়েছে ‘কুমিল্লার সকল সংসদীয় আসন পুনর্বহাল কমিটি, ঢাকা’। আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এ বিষয়ে বিলুপ্ত কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী বলেন, ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকারের নিয়োজিত নির্বাচন কমিশন জনসংখ্যার অজুহাতে কুমিল্লার একটি আসন কমিয়ে দিয়েছে। কমিশন আরোপিত নীতিমালা পরিপন্থী সিদ্ধান্তে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা অন্যায়ভাবে বিলুপ্ত করেছে। জনগণের তীব্র আপত্তি উপেক্ষা করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে তিন নির্বাচনী এলাকায় যুক্ত করেছে। এ জন্য কুমিল্লাবাসী প্রতীক গণঅনশন কর্মসূচি দিয়েছে। অবিলম্বে আসনটি ফেরত দেয়া না হলে কুমিল্লা জনগণ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান তিনি।
