আগামী ৪ ফেব্রুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে বিএনপি। রবিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান এই হরতালের ঘোষণা দেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাটোর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় দলের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছেঃ আগামী ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মানবপ্রাচীর, ২৭ জানুয়ারি জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ, ৩০ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান, ২ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন।
সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী টুকুসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
