ভাঙ্গুড়ায় গুমানি সেতু নির্মাণে গতি নেই

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:০৩
ভাঙ্গুড়া-নওগাঁ (প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত) সড়কে নৌবাড়িয়া ঘাটে গুমানি নদীর ওপর ব্রিজ নির্মাণ ৮ বছরে এগিয়েছে মাত্র ১৫ ভাগ। ঠিকাদার বদল হয়েছে তিনবার। ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে দুবার। এ পর্যন্ত ব্রিজের দুই পাড়ে দুটি সংযোগ দেয়াল (অ্যাবাটমেন্ট ওয়াল) ছাড়া ৬টি পিলারের একটিও নির্মাণ করা সম্ভব হয়নি। কেবল চারটি পিলারের পাইলিং সম্পন্ন হয়েছে। গত ২০০৪ সালে ১শ ৬০ মিটার দৈর্ঘ্য এবং ৩ দশমিক ৮০ মিটার প্রস্থের এই ব্রিজটির নির্মাণ কাজ উদ্বোধন করেন বিগত চারদলীয় জোট সরকারের স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া। আবার ২০১২ সালে পুন: টেন্ডার কাজের দ্বিতীয় দফা উদ্বোধন করেন বর্তমান সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন। এলজিইডির এই ব্রিজ নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লাখ টাকা। বর্তমান ঠিকাদার আমিন উদ্দিন গত বছর জুলাই মাসে কাজ শুরু করার পরই নদীতে বন্যার পানি চলে আসায় কাজ বন্ধ হয়ে যায়। বন্যার পর পুনরায় নির্মাণ শুরু করলেও লোকবল এবং মালামাল সংকটে কাজ চলছে খুবই মন্থর গতিতে। ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী এইচ এম রবিউল আউয়াল রিজভী জানান, এ পর্যন্ত ব্রিজ নির্মাণ অগ্রগতি মাত্র ১৫ ভাগ। ঠিকাদার গাফিলতি করায় কাজ এগুচ্ছে না। একই কারণে ভাঙ্গুড়া থেকে নওগাঁ অভিমুখী সড়ক নির্মাণ কাজও শুরু করা যাচ্ছে না। অথচ ব্রিজটি নির্মিত হলে ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়নের ৫০টি গ্রামসহ চলনবিলের ১০ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে। এছাড়া রাস্তাটি হাটিকুমরুল-নাটোর মহাসড়কে মহিষলুটি নামক স্থানে মিলিত হয়ে ঢাকার সাথে সরাসরি সংযোগ সাধন করবে। তখন চলনবিলের উত্পন্ন খাদ্য শস্য দ্রুত স্থানান্তর করাও সহজ হবে।