অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির কোন বিকল্প নেই। কর্মসংস্থান খাতে আমাদের মারাত্মক সমস্যা রয়েছে। সবার জন্য কর্ম সৃষ্টি করতে উপযুক্ত নীতিমালা গ্রহণ করতে হবে। তা ছাড়া আত্মকর্মসংস্থানের উপযোগী পরিবেশ সৃষ্টি আবশ্যক। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ২০১৫ সালের পর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের (এসডিজি) খসড়া রূপরেখার উপর এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মেয়াদকাল শেষ হচ্ছে আগামী ২০১৫ সালে। পরবর্তী সময়ের জন্য উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে এসডিজি প্রণয়ন করা হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিকল্পণামন্ত্রী এ কে খোন্দকার, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শাসসুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের যে কোন সময়ের চেয়ে অর্থনৈতিক পরিস্থিতি ভালো। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখলে আমরা এগিয়ে যাবো। আগামীতে টেকসই উন্নয়নের জন্য সময়োপযোগী পরিকল্পনা করা হবে। তিনি বলেন, এমডিজি অর্জনেও আমরা অগ্রগামী। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমাদের অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমস্যা সমাধান করতে হবে। এখনো কর্মসংস্থান, নগরায়ণ, দারিদ্র্য বিমোচন নিয়ে অনেক কাজ করতে হবে।
সভায় বক্তারা বলেন, এসডিজি’র জন্য আমাদের দৃষ্টি সঠিক জায়গায় নিবন্ধ করা এবং বাংলাদেশের প্রেক্ষিতে দারিদ্র্য দূরীকরণে দৃষ্টি দেয়া দরকার।
