সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিক ব্যক্তিত্ব নির্মল সেন ছিলেন একাগ্র, একতা ও বিপ্লবের প্রতীক। শোকসভায় সমাজ পরিবর্তনে তাঁর আদর্শকে টিকিয়ে রাখার আহবান জানিয়েছেন বক্তারা। সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নির্মল সেন স্মরণে জাতীয় কমিটি আয়োজিত নাগরিক শোকসভায় এই আহ্বান জানানো হয়।
সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সমাজতন্ত্রের প্রতীক এই নেতা বিপ্লব ও গণতন্ত্রে অন্যান্য ভূমিকা রেখে মেহনতি মানুষের পক্ষে কাজ করে গেছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আদর্শিক ভিত্তির উপর বিশ্বাস করে নির্মল সেন সমাজতন্ত্র ও মেহনতি মানুষের জন্য শোষণমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন মৃত্যুর আগপর্যন্ত।
গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য বলেন, তিনি কোন অবস্থাতে দেশত্যাগ করেননি। আক্ষরিক অর্থে তিনি আদর্শ নিয়ে মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত আলী খান বলেন, প্রগতিশীলরা বুঝে শুনে একত্রিত হলে নির্মল সেনের আদর্শ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
