সাগরদাঁড়িতে শুরু হলো মধুমেলা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
যশোরের কেশবপুরের কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ির বিখ্যাত দত্ত বাড়ির আঙ্গিনায় শুরু হয়েছে মধুমেলা। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। সন্ধ্যায় ফিতা কেটে, কবুতর ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। পরে মধুমঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। যশোর জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলি লাকি, যশোর পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার এ, এইচ এম মুযহারুল ইসলাম মন্টু ও বাংলালিংকের পিআর এ্যান্ড কমিউনিকেশন মার্কেটিং ম্যানেজার শিবলী সাদিক। এছাড়া বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান তোতা, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী দিনেই হাজারো মানুষের সমাগমে সরব হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মধুমঞ্চে মহাকবির জীবন, সাহিত্য ও কর্মের উপর আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেও সমবেত হয় হাজারো মানুষ। মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কারুশিল্প, কৃষি ও লোকজ সামগ্রীর সমারোহসহ রয়েছে বিসিক ও গ্রামীণ পণ্যের আট শতাধিক স্টল। সেই সঙ্গে মেলায় আসা দর্শনার্থীদের আনন্দ দিতে আয়োজন করা হয়েছে যাত্রা, সার্কাস, জাদু প্রদর্শনী, ভ্যারাইটি শো, বিচিত্রা অনুষ্ঠান, মৃত্যুকূপে মোটরসাইকেল চালানো আর নাগরদোলার।