সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
সন্ত্রাস, দুর্নীতি, কালোটাকা ও দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং বিশিষ্ট আইনজীবী, গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। সোমবার রাজশাহী মহানগরীর সাহেব বাজার আলুপট্টিতে ‘জাতীয় ঐক্যের ডাক’ আয়োজিত এক জনসভায় তারা এই আহ্বান জানান। জনগণের উদ্দেশে ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘ক্ষমতা আমাদের টার্গেট নয়। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এমন মানুষকে নির্বাচিত করবেন, যারা নির্বাচিত হয়ে নিজেদেরকে রাজা-বাদশা ভাববে না। ড. কামাল হোসেন বলেন, সন্ত্রাস, দুর্নীতি, কালোটাকা ও দুঃশাসনের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলুন। দিন বদলের আশায় বিগত নির্বাচনে ভোট দিয়েছিলেন। কিন্তু দিন বদল হয়নি। দিন বদলের জন্য মার্কা পরিবর্তন করুন। তা না হলে দিন বদল হবে না। বড় দুই দলেরই একই অবস্থা। এই অবস্থা চলতে পারে না। বিকল্পধারার রাজশাহী মহানগর সভাপতি আকতারুজ্জামান বাবলুর সভাপতিত্বে জনসভায় নাগরিক ঐক্যর আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, সহ-সভাপতি প্রকৌশলী মো. ইউসুফ, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, রাজশাহী মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল হাসানসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিকল্পধারা এবং গণফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।