জেলার শিবপুরের ইটখোলায় অভিযান চালিয়ে গত সোমবার রুবেল হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এরা হচ্ছে অপু, রাসেল, ফরিদ, হানিফ ও ফয়সাল।
র্যাব জানিয়েছে, ২০১২ সালের ১ মার্চ শিবপুরের কোন্দার পাড়া গ্রামের রুবেল মিয়াকে অপহরণ করে হত্যা করা হয়। দুর্বৃত্তরা তার লাশ রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের মেঘনা নদীর তীরে ফেলে রাখে। এ ব্যাপারে আহমেদুল কবির অপুকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই ঘটনার ৬ দিন পর অপুকে গ্রেফতার করা হয়। ৫ মাস কারাভোগের পর সে জামিনে মুক্তি পায়। মামলা করায় ক্ষিপ্ত হয়ে অপু দীর্ঘ দিন যাবত্ নিহত রুবেলের ফুফাত ভাই হুমায়ুনকে খুন করার জন্য চেষ্টা চালাচ্ছিল। গত সোমবার অপুসহ ৮/৯ জনের একটি কিলার দল অস্ত্রশস্ত্র নিয়ে হুমায়ুনকে হত্যা করার উদ্দেশ্যে ইটাখোলার গ্রামীণ হোটেলে অবস্থান নেয়। এ সময় সাদা পোশাকে র্যাব-১১ সদস্যরা হোটেল ঘেরাও করে। র্যাবের অবস্থান টের পেয়ে বাকীরা পালিয়ে গেলেও ৫ জন ধরা পড়ে। র্যাব সদস্যরা তাদের দেহ তল্লাশী করে ৩টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৫টি কুড়াল, ২টি চাপাতি, ১টি ছোরা ও বোমা তৈরির বারুদসহ গোলাবারুদ উদ্ধার করে।
