মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানোর জন্য সারা দেশে নিবন্ধন ও প্রাথমিক ধাপের লটারি প্রক্রিয়া শেষ হয়েছে। সারাদেশে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে নিবন্ধিত আগ্রহীদের মধ্য থেকে ৩৬ হাজার ৩৮ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। আজ বুধবার প্রথম দফায় নির্বাচিতদের মধ্য থেকে সাড়ে ১১ হাজার জনকে নির্বাচন করা হবে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে এ তথ্য জানা যায়। লটারিতে চূড়ান্ত বিজয়ীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
সারা দেশে মোট ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জন নাম নিবন্ধন করেছিলেন। তাদের মধ্য থেকে নির্বাচিত ৩৬ হাজার ৩৮ জনের মধ্য থেকে প্রথম দফায় ১০ হাজার কর্মী নির্বাচনের জন্য মন্ত্রণালয়ে লটারি হবে। প্রায় তিন বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নিতে রাজি হয়েছে মালয়েশিয়া। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মী নিতে চাহিদাপত্র পাঠিয়েছে দেশটি। বিএমইটি সূত্র জানায়, সরকারিভাবে এ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগ্রহীদের ৪০ হাজারের বেশি টাকা খরচ হবে না। সাধারণত বেসরকরিভাবে মালয়েশিয়া যেতে এর কয়েক গুণ বেশি টাকা খরচ হতো।
