বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ’৭১ সালেও হয়েছে এখনো হচ্ছে, সব অপরাধেরই বিচার করতে হবে। এখনও মানবতা ক্ষত-বিক্ষত হচ্ছে। চলছে হত্যা, খুন। সকল অপরাধীর বিচার করে পাপ মোচন করতে হবে। শুধু একটি চিহ্নিত বিরোধী দলকে শায়েস্তা করতে বিচার করলে তা জনগণ মানবে না। এতে জাতীয় ঐক্য হবে না। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহিলা দলের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল, ঢাবির সাবেক প্রো-ভিসি আ. ফ. ম ইউসুফ হায়দার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
